রাজধানীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। গতকাল কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খামারবাড়ি গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি খাবার’। মেলা চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
মেলা উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী বলেন, কোনো দেশীয় ফল আমরা বিলুপ্ত হতে দেব না। আমরা সেগুলো বাঁচিয়ে রাখার ও সংরক্ষণ করার চেষ্টা করছি। পাশাপাশি দেশীয় ফল রপ্তানি কীভাবে করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা রয়েছে। এছাড়া গবেষণার মাধ্যমে ফলের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে।
আয়োজকরা জানান, এবারের ফল প্রদর্শনীতে আমের ৭৫টি জাত প্রদর্শন করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য ফলও প্রদর্শন করা হচ্ছে। এবারের মেলায় মোট স্টল রয়েছে ৮৩টি।
