আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছিল। যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
এর আগে, নদী পথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে।
