ভারত-পাকিস্তান ম্যাচ মানেই জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি থাকে। কিন্তু বিশ্বকাপ এলেই কী যেন হয় পাকিস্তানের। এ টুর্নামেন্টে তারা কিছুতেই পেরে ওঠে না ভারতের সঙ্গে। এর আগে ছয়বার ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ হেরেছে পাকিস্তান। গতকাল সপ্তমবারের মতো সেই পাকিস্তানকে হারাল ভারত।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টারে গতকাল পাকিস্তানকে বৃষ্টি আইনে ৮৯ রানে হারাল ভারত। আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে করেছিল ৩৩৬ রান। জবাবে পাকিস্তান ৪০ ওভারে ২১২ রান তুলতে পারে ৬ উইকেট হারিয়ে।
বিশাল রান তাড়া করতে গিয়ে শুরুতেই হারিয়ে ফেলে ওপেনার ইমাম-উল-হকের উইকেট। এরপর পাকিস্তানকে ১০৪ রানের একটা জুটি এনে দেন ফাখার জামান ও বাবর আজম। ৬২ রান করা ফাখার ও ৪৮ রান করা বাবরকে পরপর দুই ওভারে ফিরে দেন কুলদীপ যাদব। এরপর পরপর দুই বলে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। আর এখানেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের স্বপ্ন। একপর্যায়ে পাকিস্তান ৬ উইকেটে ১৬৬ রান তোলে ৩৫ ওভারে। এই সময় বৃষ্টি আসায় আরো দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর ৪০ ওভারে ৩০২ রানের লক্ষ্য ঠিক হয় পাকিস্তানের। মানে, পরের ৫ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩৬ রান। এই অসম্ভব কাজ করতে পারেনি তারা।
এর আগে শুরুতে ব্যাট করা ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ইনজুরিতে পড়া শিখর ধাওয়ানের বদলে ইনিংস শুরু করতে গিয়েছিলেন রাহুল। রোহিতের সঙ্গে ১৩৬ রানের জুটি করেন তিনি।
রাহুল ৭৮ বলে ৫৭ রান করে আউট হওয়ায় জুটি ভাঙে। কিন্তু থামেনি রোহিতের ব্যাট। বড় ইনিংস খেলতে অভ্যস্ত এই ওপেনার আরো একটা বড় ইনিংসের দিকে তাকাচ্ছিলেন। শেষ পর্যন্ত হাসান আলীর বলে আউট হন ১৪০ রান করে। ১১৩ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস খেলেন রোহিত। এরপর ভারতের ইনিংসটা টেনে নিয়ে গেছেন বিরাট কোহলি। ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলার পথে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান পার করে ফেলেন। এর মাঝে হার্দিক পান্ডিয়া এসে ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলে ফেরেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি মাত্র ১ রান করে আউট হওয়ায় শেষ দিকে খুব দ্রুত রান তুলতে পারেনি ভারত।
