আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার রুটি-নুরপুর গ্রামের ভুক্তভোগীদের আয়োজনে রুটি চকবাজারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রুটি গ্রামের আইনজীবী মো. শফিকুর রহমান নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। তার কুকর্মের প্রতিবাদ যারাই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। 

শামীম সরকার নামের এক ভুক্তভোগী বলেন, ২০২১ সালের এপ্রিল মাসে তিনি চাকরির সুবাদে কর্মস্থল রাজশাহীতে ও তার এক ভাই প্রবাসে থাকলেও আইনজীবী মো. শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে এবং তার বাবা ও দুই ভাইয়ের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। আইনজীবী শফিকুর রুটি পূর্বউকিল পাড়া রেজভিয়া সুন্নীয়া জামে মসজিদের সভাপতি দাবি করে সেই মামলা করলেও রুটি গ্রামে কোনো মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান নাই। সঠিক তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় আদালত মামলা থেকে তাদের রেহাই দেন। 

সংবাদ সম্মেলনে বাদল মিয়া, ওসমান গণি, গোলাম মোস্তাফাসহ অন্যান্য ভুক্তভোগীরা অভিযুক্ত আইনজীবী মো. শফিকুর রহমানের হয়রানিমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় তারা শফিকুর রহমানের হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, শামীম সরকার যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা আছে।

ইত্তেফাক/বুখারী/পিও