মুখ খুললেন রাজা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৫৩

অবশেষে মুখ খুললেন সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়া সাবেক অধিনায়ক রমিজ রাজা। তার জায়গায় পিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, বরখাস্ত করার পর তার সাথে বাজে আচরণও করা হয়েছে।

ইউটিউবের কমেন্টে ভক্তদের প্রশ্নের জবাবে রাজা বলেন, ‘ক্রিকেট বোর্ডে এক রকম আক্রমণই করেছে তারা। এমনকি আমার জিনিসপত্রও নিতে দেয়নি তারা। সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের আচার-আচরণ দেখে মনে হয়েছিলো, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা অফিসে তল্লাশি করতে এসেছে।’

রাজা আরও জানান, পিসিবির প্রতি কোন ভালোবাসা নেই নাজাম শেঠির নেতৃত্বাধীন নতুন বোর্ডের। নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্যই পিসিবির দায়িত্ব নিয়েছেন তারা। 

রাজা বলেন, ‘ক্রিকেট নিয়ে কোন আগ্রহই নেই তাদের। তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় বসা।   তারা চায় সবাই তাদের সামনে মাথা নত করে থাকুক।’

ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় একই পদ্ধতিতে পিসিবির বস হয়েছিলেন রাজা। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির দায়িত্ব পান রাজা। তার অধীনে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিলো। এটিই ছিলো রাজার দায়িত্বকালে সবচেয়ে বড় অর্জন। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত হন রাজা।

এই নিয়ে রাজা বলেন, ‘একজন ব্যক্তিকে ক্ষমতায় আনার জন্য পিসিবির সংবিধানই বদলে ফেলা হয়েছে। এমনটা পৃথিবীতে আর কোথাও দেখিনি নাজাম শেঠিকে আনতে সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল।’

তিনি আরও বলেন, ‘মৌসুমের মাঝে যখন দলগুলো পাকিস্তানে আসছে তখনই এমনটা ঘটলো এবং প্রধান নির্বাচককে পরিবর্তন করা হলো। প্রধান নির্বাচক হিসেবে মোহাম্মদ ওয়াসিম ভালো করছিল, নাকি খারাপ করছিল সেটা বড় কথা নয়। সে একজন সাবেক টেস্ট ক্রিকেটার। সম্মানের সঙ্গে তাকে বিদায় দিতে হবে।’

বর্তমান প্রধান নাজাম শেঠিকে এক হাত নেন রাজা। তিনি বলেন, ‘রাত ২টা ১৫ মিনিটে  নাজাম শেঠি টুইট করলেন রাজা বরখাস্ত। আমি টেস্ট ক্রিকেট খেলেছি, এটাই আমার জায়গা।’

১৫ মাস পিসিবির দায়িত্ব পালন করেছেন রাজা। তার অধীনে সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলে পাকিস্তান। সদ্যই নিজ মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরপরই রাজাকে সরিয়ে দিলো পাকিস্তান সরকার। 

ইত্তেফাক/এসএস