র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১২-তে লিটন দাস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০:০১

বছরের শেষ সময়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। সেখানে আশানুরূপ ফলাফল করতে পারেনি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। তবে শেষ ইনিংসের ফিফটিতে সুখবর পেলেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানকে স্পর্শ করলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। আগের অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে বর্তমানে ১২তম স্থানে অবস্থান করছেন লিটন দাস, যা কিনা বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে সেরা স্থান।

বর্তমানে প্রথম টাইগার ব্যাটার হিসেবে লিটন সেরা দশে প্রবেশের সম্ভাবনার দুয়ারে রেটিং পয়েন্ট ৭০২ নিয়ে দাঁড়িয়ে আছেন। ১০ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার উসমান খাজার রেটিং পয়েন্ট ৭১৫, এগারোতে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের ৭১৫।

এদিকে ব্যাটিংয়ে রান খরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমের এক ধাপ অবনতি হলেও ২০তম স্থানে আছেন। সাকিব পিছিয়েছেন তিন ধাপ, রয়েছেন ৪০তম স্থানে। ইনজুরির কারণে সিরিজে খেলতে না পারা তামিম ইকবাল এক ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে আছেন। অন্যদিকে সেরা তিনে আসেনি পরিবর্তন। ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন। দুইয়ে আছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও তিন নম্বরে অজি ব্যাটার স্টিভেন স্মিথ।

এছাড়া বোলারদের র‍্যাংকিংয়ে একাধিক বাংলাদেশি বোলারের উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ২৮তম স্থানে স্পিনার তাইজুল ইসলাম। তার ঠিক পরের স্থানে তিন ধাপ আগানো মেহেদী হাসান মিরাজ। এক ধাপ উন্নতি করা সাকিব আল হাসান ৩২তম স্থানে অবস্থান করছেন। অজি পেসার প্যাট কামিন্স ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আগের মতোই আছেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্থান অক্ষত রেখেছেন কাগিসো রাবাদা।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। ভারতের দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এক ও রবীচন্দ্রন অশ্বিন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানেই রয়েছেন।

ইত্তেফাক/এসএস