সিরাজগঞ্জে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন সঙ্গে বাসের ধাক্কা লেগে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার কড্ডা মোড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল (৪০) বাসের সুপারভাইজার ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে আসলে সিরাজগঞ্জ কড্ডা সড়কের রেলক্রসিং পার হচ্ছিল। এসময় গেটম্যান না থাকায় কুয়াশায় কারণে অন্ধকার থাকায় ঠাকুরগাঁ থেকে ছেড়ে যাওয়া মুন্সিগঞ্জগামী তাজ এক্সপ্রেসের বাসে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত বাসের সুপারভাইজারকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয় যায়। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে জামতৈল রেলস্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় বলে জানান ওসি।
হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
