খুলনা-মোংলা রেলপথ প্রকল্প

মেয়াদ বাড়ছে ছয় মাস বাড়ছে না অর্থ বরাদ্দ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৬:৩০

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে এটি প্ল্যানিং কমিশনে রয়েছে। এরপর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন হওয়ার পর খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের বাকি কাজ শুরু হবে। তবে এই প্রকল্পের কাজে আর কোনো অর্থ বরাদ্দ বাড়ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়লেও আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। এর পরই খুলনা অঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত খুলনা-মোংলা রেললাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা-মোংলা রেললাইনের ৯০ কিলোমিটারের মধ্যে ৭৫ কিলোমিটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে বাকি রয়েছে মাত্র ১৫ কিলোমিটার রেললাইনের কাজ। এদিকে, রূপসা নদীর ওপর রেল সেতুর নির্মাণকাজ কয়েক মাস আগেই শেষ হয়েছে। এছাড়া সেতুর ওপরের গার্ডারের কাজ, রেললাইন বসানো, ফিনিশিং কাজও শেষ হয়েছে।

সূত্রমতে, তিন বছর মেয়াদের প্রকল্পটি ধীরগতির কাজের কারণে ব্যয় বেড়ে ১ হাজার ৭২১ কোটি টাকা থেকে ৪ হাজার ২৬০ কোটি টাকা হয়েছে। দুই দফায় প্রকল্প সংশোধনের কারণে এই ব্যয় বেড়েছে ২ হাজার ৫৩৯ কোটি টাকা। তবে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলেও ব্যয় বাড়ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলার সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহন সাশ্রয় ও সহজ করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্পটি শুরু হয় ২০১০ সালে। ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। দুই দফা সংশোধনের পর সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। ২০২৩ সালের জুন পর্যন্ত আরও ছয় মাস প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি শেখ আশরাফ-উজ জামান বলেন, খুলনা-মোংলা রেলপথ চালু খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

খুলনা-মোংলা রেললাইন প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, খুলনা-মোংলা রেললাইনের ৯০ কিলোমিটারের মধ্যে ৭৫ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বর্তমানে বাকি রয়েছে মাত্র ১৫ কিলোমিটার রেললাইন ও পূর্ত বিভাগের ট্রাক নির্মাণ প্যাকেজের (ডব্লিউ ডি-১) কিছু কাজ। তিনি জানান, ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে এটি প্ল্যানিং কমিশনে রয়েছে। এরপর একনেক সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন হওয়ার পর খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের বাকি কাজ শুরু হবে। তবে, এই প্রকল্পের কাজে আর কোনো অর্থ বরাদ্দ বাড়ছে না

ইত্তেফাক/এমএএম