ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ঢাকা-বেনাপোলগামী যাত্রীবাহী দুইটি বাস তল্লাশি করে ৪১টি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। রবিবার রাতে এই তল্লাশিতে আটক করা হয়েছে চার চোরাকারবারিকে।
আটক স্বর্ণ চোরাকারবারিরা হলো আনিসুর রহমান (২৪), রিয়াজ মোল্লা (২৫), সবুজ মৃধা (২১) ও তানভীর জামান (১৮)। এদের বাড়ি ফরিদপুর , মাদারীপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভরতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলগামী (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৩০০ ও ১৪-৯৬৭৩) দুইটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি সোনার বার ( ৪.৭৮০ কেজি) জব্দ করে। এ সময় ৪ চোরাকারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন: জাপানে জি-২০ সম্মেলনের আগে পুলিশের বুকে ছুরি
জব্দকৃত সোনার মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
