ছুটিরদিন বাজারে চাল, সবজি, ডিমেও দামে স্বস্তি এসেছে। তবে মাছের দাম একটু বেশি। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারের এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারের চাল বিক্রেতারা জানান, শুধুমাত্র মোটা চালের দামই কমেছে। এর মধ্যে স্বর্ণা ও পাইজাম জাতের চালের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত। তবে এখনো অপরিবর্তিত রয়েছে সরু চালের দাম।
প্রতি কেজি স্বর্ণা জাতের চাল ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ৫০ টাকা দরে। বেশি কমেছে পাইজাম জাতের চালের দাম। ৬০ টাকার চাল এখন ৫৫ টাকায় নেমেছে।
তিনি জানান, সাধারণ মানের বিআর-২৮ চালের কেজি ৬৬ টাকা, মিনিকেট ৭৪ টাকা এবং ভালো মানের নাজিরশাইল ৮০ টাকা দরে বিক্রি করছেন।
একই বাজারের ডিম বিক্রেতারা জানান, বাজারে ডিমের দামও কমেছে। ডজনে পাঁচ টাকা কম পেয়ে ক্রেতার বেশ খুশি। বর্তমানে খুচরা ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকা ডজন। পাইকারি বাজার থেকে কিনলে আরও পাঁচ টাকা কমে পাবেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, বাজার জুড়ে শীতের সবজি সয়লাব। ভালো দামে পাওয়া যাচ্ছে সবজি। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরের নতুন আলু, শিম, মূলা, শালগম, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি পাওয়া যাচ্ছে। এছাড়া বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একই সঙ্গে বাজারে নতুন পেঁয়াজ ওঠায় দাম কিছুটা কমের দিকে। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পুরোনো দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা এবং রসুন ৮০ থেকে ১০০ টাকা।
অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতো প্রতি কেজি ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
