ঈদের পর রাজধানীর কাঁচাবাজারে সবজি-মাংসের দাম কমলেও চড়া লেবু

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৫:০০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছুটির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারের চিত্র বদলে গেছে। নাড়ির টানে রাজধানীবাসীর একটি বড় অংশ ঢাকা ছাড়ায় বাজারে ক্রেতার আনাগোনা এখন বেশ কম। যে কারণে বাজারে পর্যাপ্ত জোগান থাকলেও ক্রেতা সংকটে অধিকাংশ সবজির দাম নিম্নমুখী হয়ে পড়েছে। 

জানা যায়, বাজারে লেবু ছাড়া বাকি পণ্যের দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাক। মানভেদে প্রতি হালি লেবুর দাম হাঁকা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা যায়।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মাহবুবুল আলম জানান, এখন দোকানে যা আছে সব ঈদের আগে কেনা। নতুন করে পণ্য আনা হয়নি। অনেক সবজি কেনা দামের চেয়ে কমে বিক্রি করছেন বলে জানান তিনি। এর মধ্যে সালাদ সামগ্রী শসা ও টমেটো লসে বিক্রি করছেন। শসা কেনা ৬০ টাকা, বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকা দরে। টমেটো মিলছে ৪০ টাকায়। ১২০ টাকার নিচেই মিলছে এক কেজি কাঁচামরিচ।

এদিকে বাজারে দেশি শিম মিলছে ৬০ টাকা কেজিতে, বেগুনের দাম ১০০ থেকে কমে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এমনকি পুরো রমজানজুড়ে শতকের ঘর ছাড়িয়ে যাওয়া পটল, করলা, বরবটিসহ বেশিরভাগ সবজির দাম নেমে এসেছে ৬০ থেকে ৭০ টাকায়। আমদানি করা এক কেজি রসুন কিনতে দিতে হবে ২২০ টাকা। আর ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে আদা। পেঁয়াজের খুচরা বাজারেও দাম কমেছে।

ক্রেতা আব্দুল মান্নান বলেন, রমজানের শুরুতে ৩ কেজি পেঁয়াজ ২০০ টাকায় কিনেছিলাম, আজ ১২০ টাকায় কিনলাম। খুচরা বিক্রেতারা জানান, ৬০-৭০ টাকার পেঁয়াজ এখন ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও কেজিপ্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় নেমেছে।

এছাড়াও নতুন সবজির মধ্যে ১২০ টাকায় সজনে পাওয়া যাচ্ছে, আর কচুর লতি ১০০ টাকায়। ঢেঁড়শ ৮০ টাকা ও পটল বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে। কাঁচকলা ১০০ টাকা হালি।

বিক্রেতারা জানান, সবজির নতুন সরবরাহ বাড়ছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম, তাই দাম কমছে। অতিরিক্ত দাম বাড়া যেমন ভালো নয়, তেমনি দ্রুত দাম কমে যাওয়াও কৃষকদের জন্য ক্ষতিকর। একটি ন্যায্যমূল্য থাকা উচিত।

সবজি বিক্রেতা আসলাম বলেন, রমজানের শুরুতে চাহিদা বেশি থাকায় দাম বাড়ে, পরে কমে যায়। তবে এবার পেঁয়াজ, টমেটো ও আলুর দাম বেশি কমেছে। কাঁচামরিচ, শসা ও বেগুনের দামও কমেছে।

 

 

ইত্তেফাক/এনটিএম