নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ, এক পাশের সড়ক বন্ধ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৬:১০

রাজধানীর নয়াপল্টনে এক পাশের সড়ক বন্ধ করে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ করছে ছাত্র সংগঠনটি। রোববার (১ জানুয়ারি) বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হয়েছে। বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বঘোষণা অনুযায়ী, বেলা দুইটা থেকে এ সমাবেশ শুরুর কথা ছিল। তবে বেলা পৌনে একটা থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকেন। 

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ। ছবি: সংগৃহীত

ছাত্রদলের এ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ‌ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করছেন। আর সঞ্চালনায় রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।

ইত্তেফাক/এএএম