ট্রেনের কাটা পড়ে প্রাণ গেল দুই বাকপ্রতিবন্ধীর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৮:১৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা জাকারিয়া (৩৫) ও বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা মির্জু (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকা অতিক্রম করার সময়  ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক ঘটনাস্থলে মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দায়িত্ব। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুজনেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হুইসেল বা আওয়াজ শুনতে পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এআই