বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ সোমবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাস্থ কালিকচ্ছ এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বিভিন্ন অস্ত্রের প্রতিরক্ষামূলক অবস্থান ঘুরে দেখেন এবং সৈনিকদের পেশাদারিত্ব এবং প্রশিক্ষণের মান দেখে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্যের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বিজিবি’র জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় বিজিবি’র সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজিবি চলতি শীত মৌসুমে দেশব্যাপী শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়ন ইতোমধ্যে অসহায় ও দুস্থ ৪ হাজার ৬শ’ জনকে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ এবং ৬ হাজার ৭শ’ জনকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।
