জানা-অজানা

মানুষ স্বপ্ন দেখে প্রায় দু’ঘণ্টা

আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:১৭

 

সব মানুষই স্বপ্ন দেখে—এ কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। স্বপ্ন কখনো ভবিষ্যত্ বলতে পারে না অথবা ভবিষ্যতের কোনো ইঙ্গিতও দিতে পারে না। তবে কাকতালীয়ভাবে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়ে যায়। একজন মানুষ প্রতি রাতে গড়ে তিন থেকে পাঁচটি কিংবা কখনো কখনো সাতটি স্বপ্ন দেখে। আর পূর্ণ একটি ঘুমে (আট ঘণ্টা) মানুষ স্বপ্ন দেখে প্রায় দু’ঘণ্টা। মজার ব্যাপার হলো, মানুষ যত স্বপ্নই দেখুক না কেন ঘুম থেকে জাগার পর তার বেশিরভাগই মনে করতে পারে না এবং মনে রাখাটা কঠিন হয়ে পড়ে। সারা রাত ধরেই মানুষ স্বপ্ন দেখে না। খুব বেশি হলেও মাত্র দু’ঘণ্টার জন্য মানুষ স্বপ্ন দেখে।

স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় আসল বলে মনে হয়। স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনি ইত্যাদি আছে। কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে, নিদ্রার যে পর্যায়ে কেবল অক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল (সাময়িকভাবে প্রায় পক্ষাঘাতগ্রস্ত) হয়ে যায়, সেই আরইএম (র্যাপিড আই মুভমেন্ট স্লিপ) দশায় স্বপ্ন হয়।

ছোটদের স্বপ্নের বিষয় কখনো বড়দের মতো হয় না। কারণ ছোটদের জীবনের অভিজ্ঞতা বড়দের চেয়ে সম্পূর্ণ আলাদা। মানুষ সারা রাত ঘুমায় সাধারণত চারটি ধাপের চক্রের মধ্যে। এ চক্রের সবচেয়ে শেষ ধাপেই মানুষ স্বপ্ন দেখে। আর এর দৈর্ঘ্য হতে পারে এক থেকে দেড় ঘণ্টা। মজার ব্যাপার হলো, ঘুমের সময় মানুষের মস্তিষ্কের কার্যক্রম ঠিকই চলতে থাকে। গবেষকদের মতে, মানুষ স্বপ্ন মনে করতে না পারার কারণ হচ্ছে—মদ্যপান, জ্বর, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিকভাবে বিপদগ্রস্ততা, কিছু কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ ইত্যাদি। তাছাড়া কিছু কিছু মানুষ জেনেটিক কারণে অর্থাত্ উত্তরাধিকার সূত্রেও স্বপ্ন মনে করতে পারে না।