হাসান হাফিজ
কে নেবে কাপ? বিশ্বকাপ?
ক্রিকেট ছড়ায় কী উত্তাপ!
ওয়েলস এবং ইংল্যান্ডে
বাড়ছে ক্রমেই স্নায়ুর চাপ!
দশ ভেন্যুতে দশটি দেশ
ক্রিকেট-রণে লড়ছে বেশ,
উত্তেজনার নাই রে শেষ
রং বাহারে কী জম্পেশ!
হুর রে হাই হুর রে হাই
টালবাহানার সুযোগ নাই
শ্রেষ্ঠ দলই জিতবে কাপ
হাই টেনশন, বাপ রে বাপ!!
ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে
সবার সেরা হওন চাই,
কাপ ঘরে তয় আসবে ভাই
বিষ্টি, প্রায়ই বিষ্টি রে
কেমন অনাছিষ্টি রে
খেলার মজা জমছে না
বিষ্টির তোড় কমছে না।
আজিব কুফা, কেমন শাপ?
নামটা রাখো বিষ্টিকাপ!!
বিশ্বকাপ! বিশ্বকাপ!!
ম্যাচ ছিনানো ভীষণ টাফ।
চ্যালেঞ্জে দাও লম্ফ ঝাঁপ
নিষ্ঠা-মেধার প্রমাণ ছাপ
পারলে দিতে, আসবে কাপ
যাও পেরিয়ে কঠিন ধাপ
যে চ্যাম্পিয়ন তার কী তাপ
ভিক্টোরি ফুল, নয় রে হাফ।
ঘুম কেড়ে নেয় বিশ্বকাপ!!
