বিপিএলে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় থাকতে চান তাসকিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৩০

বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর আগে হয়েছে আট বার। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার এ শিরোপার স্বাদ নিতে পারলেও এখন পর্যন্ত মিরাজ-তাসকিনসহ বেশ কয়েক জনের ভাগ্যে জোটেনি বিপিএল শিরোপা। তাই তাসকিনের চাওয়া ঢাকা ডমিনেটরসের হয়ে প্রথম বারের মতো এ শিরোপা ছুঁয়ে দেখার। যদিও কাজটা কঠিন, তবুও বল হাতে দলকে সেরাটা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান দেশের অন্যতম সেরা এ পেসার। তার আরো চাওয়া, ব্যক্তিগতভাবে টুর্নামেন্টের  উইকেট শিকারিদের তালিকায় ওপরের দিকে থাকা।

গতকাল বুধবার ঢাকা অনুশীলন শেষে ঢাকা ডমিনেটরসের এ তারকা পেইস বোলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। তাসকিন বলেন, ‘এখন পর্যন্ত মাত্র একবার ফাইনাল খেলেছি। সেবার চ্যাম্পিয়ন হতে পারি নাই। আশা করছি হবে। এবার যদি সেটা হয় আলহামদুলিল্লাহ। হয়তো কাগজে কলমে আমরা অনেকের চেয়ে ছোট টিম, কিন্তু ডমেস্টিকের আমাদের কিছু ভালো পারফরমার আছে।’

নিজে ভাল পারফর্ম করে দলকে জেতাতে ভুমিকা রাখতে চাওয়ার কথাও এ সময় বলেন ঢাকা ডমিনেটরসের আইকন ক্রিকেটার। তাসকিন বলেন, ‘ইচ্ছা আছে টপ উইকেট টেকারদের মধ্যে থাকা। সব সময় চাইব আমার যাতে কিছু ম্যাচ উইনিং স্পেল থাকে। কন্ট্রিবিউশান থাকে।’ ভাল পারফর্ম করতে মুখিয়ে থাকা এ পেসার ক্যারিয়ার জুড়ে নানা সময় ইনজুরির সাথে লড়েছেন। ভারতের বিপক্ষেও সদ্য শেষ হওয়া সিরিজেও প্রথমদিকে থাকতে পারেননি ইনজুরির কারণে। তবে এখন পরিপূর্ণ ফিট আছেন বলে জানান তাসকিন। তিনি বলেন, ‘এখন ভালো আছি। আল্লাহর রহমতে লাস্ট সিরিজের দুটি ম্যাচ খেলার পরে ভালো লাগছে। যেহেতু একটি টেস্ট ম্যাচও খেলতে পেরেছি। এটা সত্যি যে ইনজুরি হলে অনেক কষ্ট করতে হয় রিদম ফিরে আনতে। কিন্তু ফাস্ট বোলার হিসেবে ইনজুরি থাকবেই। এটাই হ্যান্ডেল করতে হবে।’ 

এ সময় নতুন পেসারদের নিয়েও কথা বলেন তাসকিন। তার মতে এবারের বিপিএল বেশ কিছু নতুন বোলার পেতে যাচ্ছে। যাদের ভালো করার সামর্থ্য আছে। তাসকিন বলেন, ‘আমার মনে হয় নতুন কিছু বোলার বের হয়ে আসবে। কয়েক জনকে দেখলাম এনসিএলে দারুণ পারফর্ম করেছে। রিসেন্ট ভারতের বিপক্ষে সিরিজেও বোলিং কোচ ডোনাল্ড ওদের এনে কাজ করিয়েছিল। কয়েক জনকে দেখলাম ভালো প্রসপেক্ট আছে। আশা করছি কিছু প্লেয়ার বের হয়ে আসবে।’

 

ইত্তেফাক/ইআ