বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার (৬ জানুয়ারি)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো প্রকাশ করতে শুরু করেছে অধিনায়কের নাম। এবার অধিনায়কের নাম ঘোষণা করলো খুলনা টাইগার্স। জাতীয় দলের ব্যাটার ইয়াসির রাব্বি নেতৃত্ব দেবেন খুলনা টাইগার্সকে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ইয়াসিরকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম। খুলনা টাইগার্সে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তামিম থাকতে ইয়াসিরকে অধিনায়ক করা প্রসঙ্গে ফিরোজা বেগম বলেন, ‘উনাকে (ইয়াসির) অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিলড অধিনায়ক পায়।’
