উদ্বোধনের রাতেই বন্ধ হলো সৌদির ‘হালাল নাইট ক্লাব’

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:১০

ধর্মীয় কট্টরপন্থি দেশ সৌদি আরবের জেদ্দায় চালু হতে যাওয়া ‘হালাল নাইটক্লাব’ উদ্বোধনের রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের (জিইএ) দাবি, এ ধরনের নাইটক্লাব তাদের ধর্মীয় অনুশাসন ও আইনবহির্ভূত। খবর গালফ নিউজ ও অ্যারাবিয়ান বিজনেসের

গত ১৩ জুন এটির উদ্বোধনের কথা ছিল। কিন্তু তীব্র সমালোচনার মুখে সৌদি কর্তৃপক্ষ নাইটক্লাবের অনুমোদন বাতিল করে। এদিকে নাইটক্লাবটির উদ্বোধন করতে জেদ্দার পথে ছিলেন মার্কিন শিল্পী, গীতিকার নে ইয়ো। পথিমধ্যেই তিনি সৌদি কর্তৃপক্ষ নাইটক্লাবটি অনুমতি বাতিল করার খবরটি জানতে পারেন। এ বিষয়ে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন নে ইয়ো। তিনি বলেন, ‘জেদ্দার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি পথেই ছিলাম। এরইমধ্যে জানতে পারলাম কর্তৃপক্ষ নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে। আমি আশা করছি অন্যকোনো সময়ে আমাদের দেখা হবে।’ নাইটক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠানে নে ইয়োর পারফরমেন্স উপভোগ করতে টিকিটের দামেও বেশ ছাড় দেওয়া হয়েছিল। শ্রেণিভেদে টিকিটের দাম ছিল ৫শ থেকে ১ হাজার সৌদি রিয়াল। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল। নাইটক্লাবটির অনুমতি বাতিলের পর সৌদি কর্তৃপক্ষ এক টুইটে জানায়, নাইটক্লাব খোলার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এটি সৌদির ধর্মীয় অনুশাসন ও আইনের লঙ্ঘন।