বাংলাকে নিশানা করবেন না কেন্দ্রীয় সরকারকে তৃণমূল

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:১০

মমতাকে ফের বৈঠকে ডাকলেন মোদি

কেন্দ্রীয় সরকার যেন বাংলাকে ‘নিশানা’ না করে, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সেই দাবি জানাল তৃণমূল। এই নিয়ে আলোচনার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে আমন্ত্রণ জানাচ্ছেন মোদি।

সংসদের অধিবেশন শুরু হয়েছে গতকাল সোমবার। তার আগে দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। বৈঠকে তৃণমূলের নেতারা দাবি করেন, রাজ্যের নির্বাচিত সরকারকে কাজ করতে দিতে হবে। সংসদের দুই কক্ষের তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিয়ে রাজ্যের ওপরে ‘হস্তক্ষেপ’ বন্ধ করুক কেন্দ্র। বিশেষ কোনো রাজ্যকে যেন ‘নিশানা’ করা না হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীরা থাকলেও প্রধানমন্ত্রী মোদি তখন বৈঠকে ছিলেন না। তিনি পরে এসে বৈঠকে যোগ দেন। যে কারণে বৈঠক শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রীর গাড়িতে ওঠা পর্যন্ত তাঁর সঙ্গে হাঁটতে হাঁটতে তাঁদের দাবির কথা জানান সুদীপ। প্রধানমন্ত্রী তাকে বলেন, ১৯ জুন, বুধবার সব দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই প্রসঙ্গে কথা হতে পারে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, ১৯ তারিখ বেলা তিনটের সময় প্রধানমন্ত্রী সব দলের সভাপতিকে নিয়ে বৈঠক করবেন দিল্লিতে। মোদি চাইছেন, তৃণমূলের চেয়ারপার্সন মমতা ওই বৈঠকে উপস্থিত থাকুন। সংসদীয় মন্ত্রী জোশী এ দিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে চিঠিও পাঠিয়েছেন। তবে মমতা সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তৃণমূলের প্রথম সারির নেতা বলেন, ‘সর্বদল বৈঠকে দায়িত্ব ছিল সুদীপদার ওপরে। তিনি যা বলার, বলেছেন। মুখ্যমন্ত্রী যাবেন কি না, তিনিই ঠিক করবেন। এই সপ্তাহে তার কিছু কর্মসূচি পূর্বনির্ধারিত আছে।’