জুলাইয়ে এস-৪০০ ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া :এরদোগান

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:১১

 

মার্কিন হুমকি সত্ত্বেও আগামী মাসে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কে পৌঁছানো শুরু করবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তাজিকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে রবিবার একটি তুর্কি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, ‘আমার মনে হয় আগামী মাসের প্রথম দিকেই রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চালান পাঠাতে শুরু করবে। মস্কোর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এস-৪০০ কেনার বিষয়টি পুরোপুরি চূড়ান্ত।’ খবর পার্স টুডে

২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। তুরস্ক এস-৪০০ কেনার চুক্তি করার পর থেকেই যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছে। একই সঙ্গে মার্কিন প্রশাসন হুমকি দিয়ে আসছে, এস-৪০০ কিনলে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান নির্মাণের যৌথ প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়া হবে।

প্রসঙ্গত, তুরস্কের কয়েকটি বৃহত্ কোম্পানি মার্কিন জঙ্গিবিমান এফ-৩৫ নির্মাণের যৌথ প্রকল্পে অংশ নিচ্ছে। তুর্কি বৈমানিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল। তবে এস-৪০০ কেনা নিয়ে তুরস্ক মার্কিন হুমকি উপেক্ষা করায় ইতোমধ্যেই তুর্কি বৈমানিকদের এফ-৩৫ পরিচালনার প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে  যুক্তরাষ্ট্র।