হ্যারি ও তার বড় ভাই উইলিয়াম চাননি তাদের বাবা চার্লসের সঙ্গে ক্যামিলার (বর্তমানে কুইন কনসোর্ট) বিয়ে হোক। তাদের আশঙ্কা ছিল, সৎমা হিসেবে ক্যামিলা খুব খারাপ হবেন। তাই তারা তাদের বাবাকে অনুরোধ করেছিলেন তিনি যেন এ বিয়ে না করেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ক্যামিলাকে (কুইন কনসোর্ট) যেন চার্লস বিয়ে না করেন সে অনুরোধ জানিয়েছিলেন দুই ভাই। আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষায় থাকা আত্মজীবনী ‘স্পেয়ার’-এ প্রিন্স হ্যারি এমন দাবি করেছেন।
১০ জানুয়ারি প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। তবে আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত আগেই গতকাল বিক্রির জন্য দোকানে রাখা হলে সেখান থেকে চম্বুকাংশ প্রকাশ করে দ্য টেলিগ্রাফ।
বিবিসি, দ্য সানসহ বেশ কিছু সংবাদমাধ্যম স্প্যানিশ সংস্করণটি হাতে পেয়েছে। বিবিসি সংস্করণটির ভাষান্তর করেছে। ধীরে ধীরে অন্য সংবাদমাধ্যমগুলোতেও বইটির বিভিন্ন চমকপ্রদ তথ্য প্রকাশিত হচ্ছে।
‘স্পেয়ার’ বইয়ে হ্যারির চমকপ্রদ দাবিগুলোর মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার প্রথম একটি দাবি প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে বলা হয়, হ্যারি অভিযোগ করেছেন বড় ভাই প্রিন্স অব ওয়েলস উইলিয়াম তাঁকে শারীরিকভাবে জখম করেছেন।
১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন ডায়না। তখন হ্যারির বয়স ছিল ১২ বছর। ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস।
