ঈশ্বরদীতে গুলি করে রিকশাচালক হত্যায় ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

ঈশ্বরদীতে মামুন হোসেন (২৪) নামে রিকশাচালকে গুলি করে হত্যার ঘটনায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নিহত মামুনের মা লিপি খাতুন এ মামলা করেন। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় আসামিরা হলেন-আনোয়ার উদ্দীন, তার ভাই ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ভাতিজা হৃদয় হোসেন ও ইব্রাহিম হোসেন।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নিহত মামুনের মা লিপি খাতুন বাদী হয়ে ৪ জনসহ আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।’

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ইত্তেফাক

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি রাতে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের কাচারিপাড়া মোড়ে যাত্রীবাহী ভটভটি ও লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার সামনের গ্লাস ভেঙে যায়। লেগুনার চালক ভটভটির গতিরোধ করে চালকের কাছে গ্লাস ভাঙার জরিমানা দাবি করেন। এ সময় ওই মোড়ে চায়ের দোকানে বসে থাকা মামুন (২৫), রকি (২৬) ও সুমনের (২৩) সঙ্গে চালকের বাকবিতণ্ডা হয়। রহিমপুর গ্রামের নুর মোহাম্মদ নুরুর ছেলে যুবলীগ সমর্থিত আনোয়ার উদ্দিন (৪০) ঘটনাস্থলে এলে মামুন, রকি ও সুমন ভটভটি চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আনোয়ারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ৯ জন ও রিকশায় আরও দুইজনসহ ১১ জন ঘটনাস্থলে আসার পর মামুন, রকি, সুমনদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মামুন হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। 

ইত্তেফাক/এএএম