স্পোর্টস রিপোর্টার
অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের ওপর আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি যেনো এবার হতাশা থেকে একেবারে খেপে গেছেন। ভারতের বিপক্ষে আরেকটা পরাজয়ের পর শোয়েব আখতার রীতিমতো ‘নির্বোধ’ বলেছেন সরফরাজকে। টসে জিতে ফিল্ডিং নেওয়ায় এই কথা বলেছেন শোয়েব। অন্য দিকে ম্যাচ হারায় হতাশ হলেও টসের সিদ্ধান্ত ভুল ছিলো মনে করেন না স্বয়ং সরফরাজ।
টসের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে সরফরাজ বলেছেন, টসে জিতে ফিল্ডিং নেওয়াটা সঠিক ছিলো। কিন্তু বোলাররা কাজটা করতে পারেননি বলে তিনি মনে করেন, ‘টস জেতাটা আমাদের জন্য খুব ভালো ছিলো। কিন্তু আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। রোহিত অসাধারণ খেলেছে। আমাদের পরিকল্পনা ছিলো রোহিতের জন্য আরও ওপরে বল করা। কিন্তু আমরা সেটা ঠিকমতো করতে পারিনি। টস জেতাটা ভালোই হয়েছিলো। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি।’
কিন্তু সরফরাজের এই সিদ্ধান্তেই বেশি চটেছেন শোয়েব। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারি না, সরফরাজ কেমন করে এতো নির্বোধ হয়। সে কীভাবে ভুলে যায় যে, আমরা খুব ভালো রান তাড়া করতে পারি না। নিজেদের শক্তি বিচার করে দেখা উচিত ছিলো। আমাদের শক্তি হলো বোলিং। সরফরাজ যখন টস জিতলো, তখন অর্ধেক ম্যাচ জেতা হয়ে গিয়েছিলো। কিন্তু সে ম্যাচ হারার কঠোর চেষ্টা করেছে।’
শোয়েব আখতার মনে করেন, টসে জিতে এই সিদ্ধান্ত নিয়ে সরফরাজ দলকে হারিয়েছেন। শোয়েব আশা করেছিলেন, সরফরাজ ইমরান খান হবেন। সেটা না হওয়ার হতাশাও প্রকাশ করেছেন, ‘টস খুব গুরুত্বপূর্ণ ছিলো। পাকিস্তান আগে ব্যাট করে ২৬০ রান করলেও তাদের যে বোলিং তারা হয়তো ভারতকে আটকাতে পারতো। এটা পাকিস্তানি অধিনায়কের কাছ থেকে খুব হতাশাজনক ও দুঃখজনক অধিনায়কত্ব। আমি ওর মধ্যে ইমরান খানের ছায়া দেখতে চেয়েছিলাম। কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে।’
সরফরাজ নিজে অবশ্য মনে করেন না যে, তিনি খুব একটা ভুল করেছেন। তিনি দলে দু’জন স্পিনার নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমরা দু’জন স্পিনার নিয়েছিলাম উইকেটের আর্দ্রতার জন্য। কিন্তু কৃতিত্ব ভারতীয় ব্যাটসম্যানদের। তারা খুব ভালো ব্যাট করেছে। এ ছাড়া আমরা যখন তিন ওভারে এসে চার উইকেট হারিয়ে ফেললাম, তখনই আমরা আসলে ম্যাচ হেরে গেছি। ফাখার ও ইমাম খুব ভালো করছিলো। কিন্তু এরপরই আমরা ধসে পড়লাম।’
সবমিলিয়ে সরফরাজ অবশ্য মেনে নিচ্ছেন, পাকিস্তানের বাকি পথটা এখন কঠিনতর হয়ে গেছে, ‘অবশ্যই বিশ্বকাপ এখন আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। তারপরও আমাদের এখন সামনে থাকা সবগুলো ম্যাচ জিততে হবে।’
