হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৫

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫২

হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই ট্রাক, বালুবাহী ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক কমলটিলার ইয়াছিন আলীর ছেলে ছাদির আলী (২৫), কুলাউড়া উপজেলার নুরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৬), কমলগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম মিয়া (৩২), আব্দুস সালামের স্ত্রী সাদিয়া (২২) ও আব্দুস সালামের মেয়ে হাবিবা (৩)।

মাধবপুর থানার ওসি আব্দুল রাজ্জাক জানান, রাত ৩টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানির সামনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী অপর আরেকটি বালুবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে আহত আরও দুজন মারা যায়।

খবর পেয়ে হাইওয়ে ও মাধবপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতের উদ্ধার করে।

ইত্তেফাক/আরএজে/পিও