রায়পুরে অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ ১১ দোকান পুড়ে ছাই 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে তিনটি স্বর্ণের দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় হতাহত হয়নি কেউ। শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সোনাপুর ইউপির রাখালিয়া বাজারের মাছ বাজারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সকালে ইউএনও অঞ্জন দাশ, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, ওসি শিপন বড়ুয়া ইউপি চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিসমত ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িরা তাদের প্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে শুক্রবার রাতে বাড়ি চলে যান। গভীর রাতে বিদ্যুতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারের মাছ বাজার ও আশেপাশের শাহ আলম, হারাধন মজুমদার, বিকাশ চন্দ্রদাস, গোপাল চন্দ্র, শাহাবুদ্দিন, বেল্লাল হোসেন, দীপক চন্দ্র শীল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খোকন ও জয়নালসহ ১১টি দোকান পুড়ে যায় (৩টি স্বর্ণ, ৩টি ওষুধ ও ৩টি মুদি, ২টি কনফেকশনারি দোকান)। এসময় ব্যবসায়িরা মালামাল উদ্ধার করতে পারেননি। 

রাখালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন চৌধুরী বলেন, ১১টি আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়িদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

রায়পুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত রায়পুর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ওহাব মিয়া বলেন, বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিক ধারনা হচ্ছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা নেওয়া হয় এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/এআই