পশ্চিমের জেলাগুলোতে দাবদাহ

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৩২

জনজীবনে চরম অস্বস্তি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে দাবদাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড দাবদাহে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। আষাঢ় মাসের চার দিন পার হতে চললেও বৃষ্টির দেখা নেই। জেলাগুলো হচ্ছে— যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া।

ঢাকা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ অবস্থা আরো ২-৩ দিন চলবে। এবার বিলম্বে মৌসুমী বায়ু বাংলাদেশে পৌঁছেছে। এ অঞ্চলে পৌঁছাতে আরো ৩-৪ দিন সময় লাগবে। ঢাকা আবহাওয়া অধিপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, চলতি মাসের ৬ তারিখে মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে; কিন্তু দুর্বল। সোমবার পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগে পৌঁছেছে; কিন্তু দুর্বলতার কারণে প্রত্যাশিত বৃষ্টি  হচ্ছে না।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ঈশ্বরদীতে ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান আরো জানান, বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষের অস্বস্তি লাগছে। তীব্র ঘাম ঝরছে। বৃষ্টি হলে এ অস্বস্তি ভাব কেটে যাবে।