নিকলীতে ১৬ কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত্ নেই!

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৩২

চিকিত্সাসেবা ব্যাহত

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত্ সংযোগ নেই। এতে চিকিত্সাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে মা ও শিশুদের সমস্যা বেশি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে চিকিত্সাসেবা দিতে সরকার ২০১১ সালে উপজেলার বিভিন্ন স্থানে ১৬টি কমিউনিটি ক্লিনিক চালু করে। সকাল ৯টা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লিনিকে চিকিত্সাসেবা দেওয়া হয়। প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগী এসব ক্লিনিকে এসে সেবা নেন। কিন্তু বিদ্যুত্ সংযোগ না থাকায় ক্লিনিকগুলোতে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ঠিকমতো চিকিত্সাসেবা দিতে পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার বলেন, দ্রুত বিদ্যুত্ সংযোগ দেওয়ার জন্য ক্লিনিকগুলোর একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরেজমিন উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী কমিউনিটি ক্লিনিকে গেলে ক্লিনিকের সিএইচপিসি শিমুল খান মনির জানান, বিদ্যুত্ সংযোগ না থাকায় বৃষ্টির সময় ক্লিনিকের কক্ষ অন্ধকার হয়ে যায়। এতে রোগীদের চিকিত্সাসেবা ব্যাহত হয়। এছাড়া এখন গরমের সময় সেবা নিতে আসা রোগীদেরও কষ্ট হয়। নানশ্রী গ্রামের শাহাবুদ্দিন মিয়া, শান্তা বেগম, সরলাবানু ও হাবিবুর রহমান বলেন, ওই ক্লিনিকের মাত্র ৫০ ফুট দূরেই পল্লী বিদ্যুতের খুঁটি। অথচ ওই ক্লিনিকে বিদ্যুত্ সংযোগ নেই।

উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিত্সা নিতে আসা রহিমা বেগম বলেন, সমপ্রতি তার এক আত্মীয়কে নিয়ে তিনি ওই কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন। ওইদিন ছিলো মেঘলা আকাশ। এ কারণে ক্লিনিকে বিদ্যুত্ না থাকায় অন্ধকারেই তাদের চিকিত্সা করাতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আস আদদীন মাহমুদ বলেন, ক্লিনিকগুলোতে বিদ্যুত্ সংযোগ পেতে পল্লী বিদ্যুত্ কার্যালয়ে তিন বছর আগেই লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংযোগ পাওয়া যাচ্ছে না। এতে ক্লিনিকগুলোয় চিকিত্সাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে।

কটিয়াদী জোনের পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, আবেদনগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে ক্লিনিকগুলোতে বিদ্যুত্ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।