কচুয়ায় ৯০ ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান!

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৩৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের বিম, দেওয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে বিদ্যালয়ের ছাদ ধসে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এ এইচ এম শাহরিয়ার রসুল জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১৭১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইতোমধ্যেই জরাজীর্ণ ২০টি বিদ্যালয়ের মধ্যে ২০টির পুনঃসংস্কারের জন্য ২ লাখ ও ১৯টি বিদ্যালয়ের পুনঃসংস্কারের জন্য ১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দা পাওয়া গেছে। এ সব বিদ্যালয় ভবনগুলোর পুনঃসংস্কার কাজ শিগগিরই শুরু করা হবে। এছাড়া ৩১টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও আরো অন্তত অর্ধশত জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে। এ সব জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলোও পুনঃসংস্কারের জন্য পর্যায়ক্রমে তালিকাভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও শিক্ষা কর্মকর্তা জানান।