‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব’ আজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩’। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বাচসাসের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়।

আজ দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক গেরিলা, শ্যামল ছায়া, মেঘের পরে মেঘ ও চিরঞ্জীব মুজিব সিনেমাগুলো প্রদর্শিত হবে।

জানা গেছে, উৎসবটি উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এছাড়া উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত্।

ইত্তেফাক/বিএএফ