সুনামগঞ্জে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪১

 সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হত্যা মামলায় বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে: মির্জা হাছন আলী, তার ছেলে নোমান মিয়া ও কামাল মিয়া। এছাড়া আসামি মির্জা মশ্রব আলী, নাছিরউদ্দিন খান পাঠান, প্রকাশ নিশি মিয়া, শায়েস্তা মিয়া ও বাবুল মিয়াকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ আগস্ট রাতে জেলার তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের রনজিত্ পুরকায়স্থ তার ছেলে রুবেলকে বাড়ির পাশের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ছেলেকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এর আগে হাসপাতালে নেওয়ার পথে রুবেল তার বাবা রনজিত্ পুরকায়স্থকে জানায়, গ্রামের মির্জা হাছন আলীর নির্দেশে হাছন আলীর ছেলে নোমান ও কামাল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুকুর পাড়ে ফেলে রেখেছে।

ঘটনার পরদিন রুবেলের বাবা রনজিত্ পুরকায়স্থ বাদী হয়ে তাহিরপুর থানায় উপজেলার চিকসা গ্রামের মির্জা হাছন আলী, মির্জা মশ্রব আলী, মির্জা হাছন আলীর ছেলে নোমান মিয়া ও কামাল মিয়া, একই গ্রামের নাছিরউদ্দিন খান পাঠান, শায়েস্তা মিয়া ও বাবুল মিয়াকে আসামি করে মামলা করেন।