হাতিয়ায় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪১

 হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্নার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। আটক জলদস্যুদের সোমবার সকালে হাতিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টায় স্থানীয় তমরদ্দি বাজারের পাশে জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্নাসহ তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাহমুদ সাব্বির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সৌরভ বাতাইন্না পালিয়ে গেলেও তার সহযোগী আবুল কাশেম ওরফে লোকু ডাকাত এবং অতিকুল ইসলাম ওরফে ইয়াকুব আলী ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে কাঠের একনলা বন্ধুক একটি, পাঁচ রাউন্ড গুলি, দুটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

লে. মাহমুদ সাব্বির জানান, আটক জলদস্যুদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের।