ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে নিখোঁজ তিন বোনের একজন চম্পাকে সোমবার বিকালে শেরপুরের নকলা থেকে আসার পথে ফুলপুরের ছয় মাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। চম্পা বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পা, রাজিয়া ও সুলতানা নামে ১৫ বছর বয়সি যমজ তিন বোন গত ১৪ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। তারা ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ধান ব্যবসায়ী আব্দুর রহমানের মেয়ে।
ফুলপুর থানার ওসি এমারোদ হোসেন গাজী বলেন, মেয়েটিকে ফুলপুরের ছয় মাইল এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই বোনের ব্যাপারে জানার চেষ্টা চলছে।
