খুলনার দাকোপে গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার (৯ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ৩৮ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যগণ মোটা অংকের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন। কয়েক মাস আগেও অর্থের বিনিময়ে ৩ জন কর্মচারী নিয়োগ দেয় কমিটির সদস্যরা। আগামী ১২ জানুয়ারি আরও একজন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
স্থানীয় মৃণাল মণ্ডল, রেজাউল গাজীসহ অনেকে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন আগের নিয়োগে মোটা অংকের অর্থের লেনদেন হয়েছে। নতুন নিয়োগেও ঘুষ নেওয়ার পায়তারা চালাচ্ছে। কমিটির লোকজন যেন ঘুষের বিনিময়ে পছন্দের লোক নিয়োগ দিতে না পারে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া হয় সেজন্য তারা অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক আদিত্য নারায়ণ সরদার বলেন, দুর্নীতির অভিযোগ করলেই যে সত্য হবে তা নয়। তদন্ত করলেই পাওয়া যাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহনলাল মণ্ডল জানান, নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন বদনাম হয়। নিয়োগের দায়িত্ব সরকার নিলে সবচেয়ে ভালো হতো। সরকার যেহেতু নেয়নি তখন আমাদের করতে হবে। আমিও চাই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হোক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
