সম্প্রতি ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেয়ারট্রেড সংস্থা ট্রান্সফর্ম ট্রেডের গবেষকরা একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে।
১ হাজার বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকের একটি বড় নতুন জরিপ অনুসারে জানা যায়, এইচএন্ডএম এবং গ্যাপসহ হাই-স্ট্রিট খুচরা বিক্রেতারা যারা যুক্তরাজ্যের বাজারের জন্য বাংলাদেশ থেকে কাপড় সরবরাহ করে, তারা উৎপাদন খরচের কম অর্থ প্রদান করছে।
করোনাকালের প্রায় দুই বছর এমন ঘটনা ঘটেছে, যখন কিনা কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ ছিল ঊর্ধ্বমুখী।
প্রতিবেদনে দাবি করা হয়, বেশিরভাগ ফ্যাশন খুচরা বিক্রেতারা মহামারির আগের মতোই প্রস্তুতকারকদের অর্থ প্রদান করেছে। বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে কাঁচামালের দাম বাড়লেও, কারখানাগুলোকে শ্রমিকদের প্রতিদিন ন্যূনতম মজুরি দিতে সংগ্রাম করতে হচ্ছে।
২০২০ এর মার্চ থেকে ২০২১এর ডিসেম্বর পর্যন্ত চলাকালীন এই গবেষণার প্রতিবেদনে বলা হয়, ৫০ শতাংশের বেশি পোশাক কারখানা দাবি করেছে, করোনাকালের দুই বছর তাদের ব্যবসায়িক অংশীদার ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান চার ধরনের অন্যায্য কাজ করেছে। তার মধ্যে রয়েছে—ক্রয়াদেশ বাতিল, মূল্যহ্রাস, পোশাক কিনে অর্থ না দেওয়া ও বিলম্বে অর্থ দেওয়া। এ কারণে শ্রমিকের আয় কমেছে, এমনকি চাকরিও হারিয়েছেন অনেকে। তুলনামূলক ছোট ব্র্যান্ডের থেকে বড় ব্র্যান্ডগুলো এসব কাজ বেশি করেছে। যেসব ব্র্যান্ড ১৫ বা তার বেশি কারখানার থেকে পোশাক কেনে, তারা এসব চার অন্যায্যের একটি অন্তত করেছে।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। যুক্তরাজ্যের বাজারে লাখ লাখ পোশাক সরবরাহ করে।
ইউনিভার্সিটি অব অ্যাবারডিন বিজনেস স্কুল প্রকল্পের টেকসই অ্যাকাউন্টিং অ্যান্ড ট্রান্সপারেন্সির অধ্যাপক মুহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘মহামারি শুরু হওয়ার দুই বছর পর, বাংলাদেশি পোশাক শ্রমিকদের জীবনধারণের জন্য পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছিল না, প্রতি পাঁচজনের মধ্যে একজন প্রস্তুতকারক এই সমস্যায় ভুগছিলেন। ন্যূনতম মজুরি শ্রমিকদের প্রদান করুন, যখন অনেক ফ্যাশন ব্র্যান্ড যারা বাংলাদেশী শ্রম ব্যবহার করে তাদের মুনাফা বাড়িয়েছে।’
জরিপের ফলাফল গতকাল রোববার প্রকাশ করা হয়। জরিপের তথ্যানুযায়ী, উৎপাদন খরচের চেয়ে কম দাম দেওয়া ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—আদিত্য বিরলা ফ্যাশন, সিঅ্যান্ডএ, এইচঅ্যান্ডএম, জারা, কিক, লিডল, এলপিপি, নেক্সট।
অন্যদিকে ২০২০ সালের মার্চের মতো পোশাকের দাম একই দেওয়া ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—আদিত্য বিরলা ফ্যাশন, সিঅ্যান্ডএ, এইচঅ্যান্ডএম, আলদি, বেস্ট সেলার, জারা, কিয়াবি, কিক, লিডল, ম্যাঙ্গো, টেসকো, টার্গেট, প্রাইমার্ক, ওটিটিও, এলপিপি ইত্যাদি।
