শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে বহিষ্কারের প্রতিবাদে সোমবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।

এদিন শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী সজিব মজুমদার, অমিত হালদার ও অপি তালুকদার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে সাময়িক বহিষ্কার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, গুটিকয়েক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। আগামী শনিবার ম্যানেজিং কমিটির সভা আছে। আশা করি ঐ সভায় জগদীশের বিষয়ে সমাধান হবে।

এদিকে শিক্ষক জগদীশ চন্দ্র হালদার বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করিনি।