যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার বাদুরগাছা গ্রামের বুলু মিয়া (৪০), পেশায় ব্যবসায়ী ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫), পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথে যশোর ক্যান্টনমেন্ট শানতলা এলাকায় তারা দুর্ঘটনায় কবলিত হয়। এলাকাবাসী সড়কের পাশের দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কিসের সঙ্গে ওই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
