ফরিদপুর পৌরসভার বাজেট ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ২৬৪ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরভবনের সম্মেলন কক্ষে এ বাজেট পেশ করেন পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু। গত অর্থবছরে পৌরসভার বাজেট ছিল ১১২ কোটি ৯৫ লাখ ২৩ হাজার ৯৫৩ টাকার। গতবছরের চেয়ে এবারের বাজেট প্রায় দ্বিগুণ। এসময় পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, মাহফুজুর রহমান মামুন, খন্দকার শামসুল আরেফীন মামুন, ইদ্রিস খান, তৃষ্ণা সাহা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনবাগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ভিপি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এ টিভির সমন্বয়ক ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টার মো. আলী হায়দার, টপস্টার গ্রুপ লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন অর রশীদ, জাতীয় সংসদের উপ-সচিব রফিকুল ইসলাম আলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার, অর্জুনতলা ইউপির সাবেক চেয়ারম্যান সাহজাহান ভূইয়া প্রমুখ। পরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএসহ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
রাণীনগরে দিনব্যাপী প্রশিক্ষণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে গরু হূষ্ট-পুষ্টকরণ সিআইজি (কমোন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সোমবার। প্রজেক্ট ইমপিমেন্টেশন ইউনিট (পিআইইউ) প্রাণি সম্পদ অঙ্গ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ- প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসের বাস্তবায়নে উপজেলার লোহাচুড়া বাজারে এ প্রশিক্ষণ হয়।
বালিয়াকান্দিতে কৃষকদের প্রশিক্ষণ
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, বিলপ্তপ্রায় ও পরিবেশবান্ধব বৃক্ষ সংরক্ষণের জন্য তাল, খেজুর, সুপারি ও নিম চাষ সম্প্রসারণ কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে প্রদর্শনী ভুক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) মোঃ মনিরুজ্জামান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপি ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পাংশা শিল্পকলা একাডেমিকে এসে শেষ হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করে।
সচেতনতামূলক অভিভাবক সমাবেশ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
