সিএনজি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন মো. হারুন অর রশিদ (২৮), মো. রুহুল আমিন (৩৬), মো. জামাল হোসেন (৬০), মো. সোহেল খাঁ (৪০), ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১), মো. রশিদ খান (৪৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার রাত ৮টা থেকে শুরু করে গতকাল সোমবার ভোর পর্যন্ত র্যাব-৪ এর সদস্যরা রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকা তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায় যে, তারা বিভিন্ন কৌশলে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এ চক্রের সদস্যরা প্রতিটি সিএনজি বাবদ নগদ ৬৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করে আসছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, সিএনজি ছিনতাইয়ের একটি চক্র যাত্রী সেজে সিএনজি অটোরিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে থামাতে বলে। এরপর সিএনজি চালককে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে তাদের পূর্বের পরিকল্পিত নির্ধারিত গ্যারেজে নিয়ে রাখে। পরে তাদের একটি দালাল চক্র চালকের ব্যবহূত মোবাইল ফোনটি দিয়ে সিএনজির মূল মালিকের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে ওই অটোরিকশার যন্ত্রাংশগুলো আলাদা করে বিক্রি করবে মর্মে হুমকি প্রদান করে।