রেলে কাটা পড়ে মা-মেয়ে নিহত, ছেলে আহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:৫২

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে নিচে কাটা পরে মা ও মেয়ে নিহত এবং তিন বছরের ছেলে আহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দর্জিটারী এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৭) ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিম (২)।

আহত তৌহিদকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেলওয় ও স্থানীয়দের বরাতে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) দিনাজপুর পার্বতীপুর থেকে আসা বুড়িমারী কমিউটার ট্রেন  সকাল ১০ টা ২০ মিনিটে বুড়িমারী রেল স্টেশনে যাওয়ার সময় বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকার রেললাইনে কাটা পরে গৃহবধূ সুমি ও তার মেয়ে তাসিম ঘটনাস্থলে নিহত হয়। সঙ্গে থাকা ছেলে তৌহিদকে গুরুতর আহত হয়। পরে পাটগ্রাম দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেথান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/আরএজে