আবার কমলো সোনার দাম

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৫৬

ভরিতে কমবে ১১৬৬ টাকা পর্যন্ত

ইত্তেফাক রিপোর্ট

এক সপ্তাহের ব্যবধানে কমলো সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ মঙ্গলবার থেকে প্রতি ভরি এক হাজার ১৬৬ টাকা করে কমছে। একইসঙ্গে প্লাটিনাম ও রুপার দামও কমছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৬১ হাজার ৮১৯ টাকা দরে। গতকাল সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি বিক্রিমূল্য ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। অর্থাত্ প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমবে। একইভাবে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনা ভরিতে এক হাজার ১৬৬ টাকা করে কমবে। সনাতনী পদ্ধতির সোনার দাম ভরিতে কমবে ৭৫৮ টাকা। এদিকে প্লাটিনামের ক্ষেত্রে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা কমবে। আর রুপার দাম কমবে ভরিতে ১১৭ টাকা।

বাজুসের তথ্যে দেখা গেছে, পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রতি ভরি প্লাটিনাম বিক্রি হবে ৬১ হাজার ৮১৯ টাকা করে। আগে দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৮ হাজার ৯৮৯ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪২ হাজার ৮০৭ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি দাম ছিল ৪৩ হাজার ৯৭৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরি প্রতি দাম হয়েছে ২৬ হাজার ৮২৭ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২৭ হাজার ৫৮৫ টাকা। এদিকে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকা দরে। আগে দাম ছিল এক হাজার ৫০ টাকা।