চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের জন্য। বাজেটে কমিশনের চলতি অর্থবছরে দেওয়া বরাদ্দের অতিরিক্ত খরচ করা ২ হাজার ৪৪৭ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার বৈধতা দেওয়া হয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা ও এই সংক্রান্ত প্রশিক্ষণ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন এই অতিরিক্ত অর্থ খরচ করেছে।
আগামী ৩০ জুন সমাপ্য অর্থবছরে কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৯’ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যরা ২১৭টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩৪টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।
সম্পূরক আর্থিক বিবৃতিতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ৩৭টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং ২৫টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৩৭ হাজার ৩৪৮ কোটি ৫ লাখ টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ২২ হাজার ৩২ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে চার লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা।
