এবার বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বরিশালের ক্লাস চলাকালে শ্রেণি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলো বিদ্যালয়ের নেপচুন শাখার ৮ম শেণির শিক্ষার্থী সিয়াম, মোর্সালিন, অর্ক ও তুর্য। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিত্সা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। যদিও স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত শিক্ষার্থী আহত হওয়ার কথা অস্বীকার করেছেন।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেশের বাহিরে অবস্থান করছেন। ব্রাদার প্রভাত জানান, সকালে ৮ম শ্রেণির কক্ষে পলেস্তারা খসে পড়েছে, এটা সঠিক। তবে এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পর পরই আমরা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি।
আহত শিক্ষার্থীরা বলে, স্কুলে টিফিনের পূর্বে ভবনের দ্বিতীয় তলায় ড্রইং ক্লাস চলছিল। হঠাত্ করেই ক্লাস রুমের ছাদের পলেস্তারা খসে আমাদের গায়ে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্কুলের শ্রেণি কক্ষগুলোর ছাদে বড় বড় ফাটল দেখা যাচ্ছে। যা প্রায় সময় খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে ক্লাস করে আসলেও ক্ষতিগ্রস্ত ভবন সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। অথচ প্রতি বছরই শিক্ষার্থীদের কাছ থেকে ভবন সংস্কারের নামে এক হাজার টাকা করে আদায় করে নেয়া হচ্ছে।
কাঠালিয়ায় স্কুলে পলেস্তারা খসে শিক্ষক আহত
কাঠালিয়া(ঝালকাঠি)সংবাদদাতা জানান, কাঠালিয়ায় জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনের পলেস্তারা খসে মো. রেজাউল হক নামের এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৮২নং পূর্ব বাঁশবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা চরম আতঙ্কে রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভবনটি অনেক পুরানো। এটি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। ভবনটি পুনঃনির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। ১৯৮২ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ ভবনটি নির্মাণ করে।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল ক্লাস চলাকালে স্কুলের ছাদ ধসে পড়ে ৩য় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। ঐ ঘটনায় আহত হয় আরও ১০ জন। প্রতি মাসেই কোনো না কোনো স্কুলে ছাদের পলেস্তারা কিংবা ছাদ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটছে।
