দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এ সময় বাংলায় কথা বলেন ডোনাল্ড লু।
এ সময় ডোনাল্ড লু বাংলায় বলেন, ‘মনোমুগ্ধকর নদী মাতৃক এবং অতিথিপরায়ণ মানুষের দেশ বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে। যখন বর্তমান বিশ্ব শান্তি ও নির্বাচনের জন্য সংগ্রাম করে চলেছে।’
তিন দিনের ভারত সফর শেষে গতকাল শনিবার বাংলাদেশে এসেছেন ডোনাল্ড লু। নয়াদিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকাস) নাইম উদ্দিন আহমেদ।
