এক দিন বিরতি দিয়ে বিপিএল আজ সোমবার আবারও মাঠে গড়াচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতিমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও রয়েছে অনেকটা ভালো অবস্থানে। চার ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় এবং দুটি ম্যাচে হেরেছে চট্টগ্রাম। তবে গতবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনো কোনো পয়েন্ট লাভ করতে পারেনি।
এদিকে, গত শনিবার রাতের খেলায় ঢাকার বিপক্ষে খেলতে নেমেছিলেন তিন নম্বরে। পুরো সময়টা ধরে ক্রিজে ছিলেন, মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ৫২ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন আফিফ হোসেন। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে এক ম্যাচ পর জয়ের দেখা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন নম্বরে নামায় বাড়তি সময় পেয়েছেন তিনি। ম্যাচও বের করতে পেরেছেন। বেশি বল হাতে থাকলে আফিফের এমন ইনিংস আছে জাতীয় দলেও। কিন্তু তাকে নামতে হয় পরে। একটু আগে নামলে ভালো হয় আফিফের জন্য।
গতকাল প্র্যাকটিস শেষে এ কথা জানালেন সাংবাদিকদের। তিনি বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন্য একটু কঠিন হয়ে যায়।’
৩ নম্বরে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন-এমন প্রশ্নের জবাবে আফিফ বলেন, টপ অর্ডারে ‘ব্যাটিং করা সব সময়ই পছন্দ আমার। শনিবার ঢাকার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকতে পারি। আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। কখনো চিন্তা করি না যে, আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ঐ নম্বরে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম্যাচ জিতিয়ে বের হওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি। আজ কুমিল্লার বিপক্ষে আমাদের চেষ্টা থাকবে ম্যাচ বের করে আনার। আমরা সে প্রত্যাশা নিয়ে মাঠে নামব।’
গতকাল রবিবার বিপিএলের বন্ধের দিনে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন সেরে নিয়েছে। আজ খুলনার কোনো ম্যাচ নেই। তারপরও তারা মাঠে অনুশীলন করেছে। ঢাকা ডমিনেটর্স ও অনুশীলন সেরে নিয়েছে দীর্ঘক্ষণ। তলানিতে থাকা কুমিল্লার চেষ্টায় থাকবে চট্টগ্রামকে হারাতে পারে কি না। সে বিবেচনায় দলের প্রত্যেক খেলোয়াড় সংঘবদ্ধভাবে অনুশীলন সেরে নিয়েছে। অন্যদিকে চট্টগ্রামও ফুরফুরে মেজাজে অনুশীলন করেছে।
