মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আপডেট : ১৭ জুন ২০১৯, ২২:০৫

সরাইলে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে শত্রুতা মিটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতির মধ্যে পড়ে এখন দিশেহারা মত্স্য চাষি জামাল মিয়া। গত রবিবার ভোরে উপজেলা সদরের চানমনি পাড়ার নতুন পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ২০ বছর ধরে মত্স্য চাষ ও ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন জামাল মিয়া। জামাল মিয়া চানমনি পাড়া নতুন পুকুরে প্রায় আট লক্ষাধিক পোনা ছাড়েন। এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। গত শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঐ পুকুরে বিষ ছেড়ে দেয়। এতে পুকুরের সকল পোনাসহ ছোট বড় মাছ মরে যায়। উপজেলা মত্স্য অফিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামাল মিয়া বলেন, আমার সঙ্গে শত্রুতা থাকলে তা মাছের সঙ্গে মিটাবে কেন?  আমার সব শেষ হয়ে গেছে। আমার ছেলে-মেয়ের পড়ালেখা ও সংসার খরচ মাছ চাষের টাকায় চলে। ১০ লক্ষাধিক টাকার ক্ষতির মধ্যে পড়ে চোখে সরষে ফুল দেখছি। আমি এর বিচার চাই।