শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির প্রতীক :নাসিম

আপডেট : ১৭ জুন ২০১৯, ২২:০৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির প্রতীক। রবিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজ  ও পিপুলবাড়িয়ায় শেখ হাসিনা নার্সিং কলেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই গ্রাম পর্যায়ে উন্নয়ন হচ্ছে। প্রমত্তা যমুনার ভয়াবহ ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর ও কাজিপুর রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামী লীগ সরকার এক হাজার কোটি টাকা খরচ করে নদী শাসন কাজ করেছে। পদ্মা সেতুসহ সারা দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা অনেক উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গি দমন, বিদ্যুত্ সমস্যার সমাধান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশকে সম্মানিত করেছেন। সাবেক এই মন্ত্রী পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজ পরিদর্শনে বাহুকায় পৌঁছালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম যমুনায় ড্রেজিং, নদী শাসন কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন।  এসময় তাঁর সঙ্গে কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।