বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঢাকা মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর যুবলীগের উদ্যোগে ফার্মগেট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই সমাবেশ আয়োজন করা হয়।
শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামায়াত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে নানামুখী ষড়যন্ত্র করে চলছে। এই বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। যারা পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে।
শান্তি সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন একই দিনে ৬০টি মডেল মসজিদ উদ্বোধন করে ইসলামের খেদমত করছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত গণ-আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে।
এসময় আরও বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ডা: খালেদ শওকত আলী, মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, সেলিম আলতাফ জর্জ এমপি, ইঞ্জি. মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সোহাগ, মোঃ জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
