ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে হত্যা: অভিযুক্ত ২ ভাই আটক, ছুরি জব্দ   

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:৩৪

কক্সবাজারের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দু'ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত দু'জনকে আটক করা হয়েছে। এ সময় সুইচ গিয়ার (চাকু) ও লোহার রড জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। 

আটকরা হলো, ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার আবদু খলিলের ছেলে জয়নাল আবেদীন (২৮) ও কামাল উদ্দিন (২৫)।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম সোমবার রাতেই কক্সবাজার সদর হাসপাতালে যায়। অপর কয়েকটি টিম ঘটনাস্থল বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় যায়। ততক্ষণে খুনিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। কিন্তু গা-ঢাকা দেওয়ায় তাদের কাউকে তখন পাওয়া যায়নি। পরে গোয়েন্দা ও সোর্স লাগিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়। সেই ধারাবাহিকতায় ভোররাতেই খুরুশকুল এলাকা হতে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

ওসি জানান, ভোরেই তাদের নিয়ে এলাকায় যায় পুলিশ দল। তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরি ও ধারালো অস্ত্রগুলো উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজারের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোরকে মারধরের ঘটনায় ছুরিকাঘাতে দু'ভাইকে হত্যার অভিযোগ উঠেছে কিশোরের স্বজনদের বিরুদ্ধে।

সদর থানার ওসি জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালি মাঠে একদল কিশোর ব্যাডমিন্টন খেলছিল। এ সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাড নিয়ে খেলার চেষ্টা করে। এ সময় এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে ওই কিশোর তাদের সঙ্গে খারাপ আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করে। আতিক বিষয়টি পরিবারকে জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাত ভাই মিজানসহ অন্যরা ধারালো অস্ত্র নিয়ে কায়সার ও সাইদুলের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কায়সার ও সাইদুল মারা যান।

ইত্তেফাক/আরএজে