হামাস শাসিত গাজা উপত্যকায় চেম্বার অব কমার্স নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারী। তার নাম ইমান আওয়াদ। তিনি একজন সফল ব্যবসায়ী। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইমান দুই দশক ধরে বীমা ও পর্যটন খাতে কাজ করছেন। গত মাসে তিনি চেম্বার অব কমার্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
এর আগে ২০২০ সালে ইমান আওয়াদ গাজা উপত্যকায় রেস্তোরাঁ, হোটেল ও টুরিস্ট সার্ভিসেসের প্যালেস্টাইন কাউন্সিলের বোর্ডের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। গত রোববার (১৫ জানুয়ারি) কাউন্সিলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দেওয়া হয়।
ইমান আওয়াদের এই কৃতিত্বের জন্য কাউন্সিলের কাছে গর্বিত ও কৃতজ্ঞ। তারা বিশেষভাবে গাজা উপত্যকার পর্যটন খাতের কথা উল্লেখ করেছেন। কাউন্সিল ফিলিস্তিনি নারীদের সমর্থন ও ক্ষমতায়নের পথ প্রশস্ত করতে আওয়াদকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন অর্থনৈতিক খাতের প্রতি আহ্বান জানিয়েছে।
